আবু ইউছুফ রাবেত:
কুমিল্লার বুড়িচং উপজেলায় বৃষ্টির পানিতে ঢাকা সড়কের গর্তে ব্যাটারিচালিত অটোরিকশা পড়ে উল্টে গিয়ে রমজান হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার কংশনগর পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমজান হোসেন ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ গ্রামের উত্তর মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তিনি সাহেবাবাদ বাজারের ব্যবসায়ী আব্দুল জলিল মিয়ার ছেলে।
স্থানীয়দের ভাষ্যমতে, টানা বৃষ্টির কারণে কংশনগর পূর্ব বাজার এলাকার সড়কে পানি জমে যায়। এতে সড়কের ভাঙাচোরা অংশের গর্তগুলো পানির নিচে ঢেকে পড়ে। এ অবস্থায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা ওই সড়ক দিয়ে চলাচলের সময় বড় একটি গর্তে পড়ে ভারসাম্য হারিয়ে উল্টে যায়। এ সময় অটোরিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন রমজান হোসেন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য আলী আজম বলেন, “আমি নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছি। এশার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।”
এ ঘটনায় এলাকাবাসী সড়কের বেহাল দশা এবং বৃষ্টির পানিতে গর্ত ঢেকে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে বলে অভিযোগ করেছেন। তারা দ্রুত সড়ক সংস্কার এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।