আবু ইউছুফ রাবেত, বরুড়া উপজেলা:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২০২৬–২০৩০ মেয়াদে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার বরুড়ার শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ বাংলাদেশের স্বপ্নে উদ্বুদ্ধ করতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি। তিনি শিক্ষার্থীদের হাতে বৃক্ষের চারা তুলে দিয়ে বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, মানুষের জীবন ও ভবিষ্যৎও সুরক্ষিত রাখে। তিনি প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজ আন্দোলনের অংশ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে ইউএনও প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি, উপস্থিতি এবং শিক্ষা কার্যক্রমের খোঁজখবর নেন। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক মতবিনিময় করেন।
বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা, পরিচ্ছন্নতা এবং শিক্ষকদের দায়িত্বশীলতায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এমন শিক্ষাবান্ধব পরিবেশ শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।