জুলাই হত্যাকাণ্ডের আসামিদের দেশে ফেরাতে শক্তিশালী এজেন্সি গঠনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক ::

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব ও ডেইলি ওয়াদা পত্রিকার সম্পাদক শফিকুল আলম বলেছেন, জুলাই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা বিশ্বের যেখানেই অবস্থান করুক না কেন, তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। এ লক্ষ্য পূরণে একটি নতুন, শক্তিশালী ও নিবেদিত (ডেডিকেটেড) এজেন্সি গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজিত ‘আত্মোপলব্ধি ও আত্মপর্যালোচনায় অভীষ্ট লক্ষ্য অর্জনের দীপ্ত শপথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

শফিকুল আলম বলেন, দেশের বাইরে অবস্থান করে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের পক্ষে অপপ্রচার চালানো হচ্ছে। লুট করা অর্থ ব্যবহার করে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, জুলাইয়ের ঘটনাপ্রবাহ ও সেই সময়ের অভিজ্ঞতা জাতিকে সবসময় মনে রাখতে হবে এবং হত্যাকারীদের কেউ যেন ভবিষ্যতে বিচারের বাইরে থেকে রাজনীতিতে ফিরতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, জুলাইয়ের আন্দোলন ছিল ভয়মুক্ত সমাজ প্রতিষ্ঠার আন্দোলন, কোনো নির্বাচনী আন্দোলন নয়। তিনি গণভোট প্রসঙ্গে সরকারের এক নেতার বক্তব্যকে ‘বড় ধরনের ভুল’ উল্লেখ করে ল্যাপস হওয়া আইন পুনর্বহাল এবং দ্রুত জুলাই জাদুঘর প্রতিষ্ঠার দাবি জানান।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই আন্দোলন শুধু শেখ হাসিনার সরকারের পতনের জন্য নয়, বরং ফ্যাসিবাদী ব্যবস্থার অবসানের আন্দোলন ছিল। তিনি জনগণের রায় বাস্তবায়নের আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই ন্যায়বিচার, সুশাসন ও একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষার প্রতীক। তিনি দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও জনগণ এখনো এর বাস্তবায়ন দেখতে চায়। প্রয়োজনীয় সংস্কার ও প্রতিশ্রুত অধ্যাদেশগুলো দ্রুত কার্যকর করার আহ্বান জানান তিনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, শেখ হাসিনা আর বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবেন না। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিনে গড়ে ওঠা কাঠামোগত সমস্যার পরিবর্তন সময়সাপেক্ষ হলেও সংস্কারের কাজ চলমান রয়েছে।

সভাপতির বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করেই দেশ গঠনের সংগ্রাম অব্যাহত থাকবে এবং কোনো ষড়যন্ত্রের মাধ্যমে সেই চেতনাকে মুছে ফেলা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *