নিজস্ব প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরবাসীর দুর্ভোগ লাঘবে অবহেলিত ও জনদুর্ভোগপূর্ণ সড়কগুলোর উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) ডিএসসিসির ৭ নম্বর ওয়ার্ডের মানিকনগর প্রধান সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের সঙ্গে যৌথভাবে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম।
তিনি জানান, উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে মানিকনগরের ৮৮০ মিটার দীর্ঘ প্রধান সড়কের নির্মাণকাজ শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান নিশ্চিত করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করে সড়কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
আবদুস সালাম বলেন, পরিকল্পিত অবকাঠামো উন্নয়নের মাধ্যমে নগরবাসীর জীবনমান উন্নয়নে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। উন্নত সড়ক নির্মাণের ফলে যান চলাচল সহজ হবে, জনদুর্ভোগ কমবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা মানিকনগর প্রধান সড়কের কারণে স্থানীয় বাসিন্দারা নানা ভোগান্তির শিকার ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে সড়কটির উন্নয়নের মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের নাগরিক প্রত্যাশা বাস্তবায়িত হচ্ছে।