বান্দরবানে বন্যাদুর্গত মানুষের পাশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা

মো. শামীম হোসেন সিকদার:

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা। শনিবার তিনি বান্দরবান পৌরসভার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মাঝে জরুরি ত্রাণ ও মানবিক সহায়তা বিতরণ করেন।

জানা যায়, শনিবার বান্দরবান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আর্মি পাড়া, শেরে বাংলা নগর এবং ওয়াব্দা ব্রিজ-সংলগ্ন বন্যাকবলিত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করেন জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা। এ সময় তিনি বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ জরুরি ত্রাণ বিতরণ করা হয়। অনেক পরিবার বন্যার কারণে ঘরবাড়ি, গৃহস্থালির সামগ্রী ও জীবিকার উপকরণ হারিয়ে মানবেতর জীবনযাপন করছে বলে জানা যায়। এসব পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন জেলা বিএনপির নেতারা।

এ সময় মো. জাবেদ রেজা বলেন, “ভয়াবহ বন্যায় বান্দরবানের সাধারণ মানুষ আজ চরম সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। এই কঠিন সময়ে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপির প্রতিটি নেতাকর্মী আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের পাশে আছি এবং এই দুর্যোগ পুরোপুরি কাটিয়ে ওঠা পর্যন্ত আমাদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী, সামাজিক ও মানবিক সংগঠন এবং স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসা প্রয়োজন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনরায় স্বাবলম্বী করে তুলতে সম্মিলিত উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান তিনি।

ত্রাণ বিতরণ ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন তুষার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবিদুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শামীম হোসেনসহ যুবদল, ছাত্রদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা এ সময় উপস্থিত ছিলেন।

ত্রাণ ও মানবিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পাশাপাশি রাজনৈতিক নেতাদের এমন মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি নিয়ে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *