আবু সাঈদ:
লক্ষ্মীপুরের রায়পুরে অনুষ্ঠিত জুলাই পদযাত্রা ও পথসভায় কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, “রাজনীতিকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে।”
শুক্রবার (১০ জুলাই ২০২৬) রাত প্রায় ৯টায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদক সম্রাটদের বিরুদ্ধে অনেক রাজনীতিবিদ কোনো কথা বলেন না। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়েও তারা নীরব থাকেন। কারণ নির্বাচনের আগে ব্যবসায়িক সিন্ডিকেটের কাছ থেকে অর্থ নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হয়। পরে দ্রব্যমূল্য বাড়লেও তারা জনগণের পক্ষে কথা না বলে সংসদে শুধু সরকারের প্রশংসায় ব্যস্ত থাকেন।”
তিনি আরও বলেন, “আমরা যখন সংসদে কথা বলতে চাই, তখন স্পিকার বলেন—এটা শাহবাগ স্কয়ার নয়, এটা সংসদ। কিন্তু সংসদে কথা বলতে না দিলে আমরা সংসদের বাইরে জনগণের সামনে কথা বলব। আমাদের কণ্ঠ রোধ করা যাবে না। মনে রাখতে হবে, ভয় দেখিয়ে সত্য ও ন্যায়ের জয়কে থামিয়ে রাখা যায় না।”
সভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস. এম. সুজ উদ্দিন, জেলা কমিটির আহ্বায়ক মাছুম বিল্লাহ, আরমান হোসেনসহ দলের অন্যান্য নেতারা।