আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্ব মুসলিমদের পবিত্রতম স্থান কাবা শরিফ আজ (বুধবার) এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ে সূর্য সরাসরি কাবার ঠিক ওপর দিয়ে অবস্থান করবে। বছরে মাত্র দুইবার এ ঘটনা ঘটে, যা প্রাকৃতিক উপায়ে বিশ্বের বিভিন্ন স্থান থেকে কিবলার সঠিক দিক নির্ণয়ে ব্যবহৃত হয়।
গালফ নিউজ জানায়, মক্কার স্থানীয় সময় দুপুর ১২টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে সূর্য কাবার ঠিক ওপর অবস্থান করবে। এ সময় সূর্যের অবস্থান হবে প্রায় ৯০ ডিগ্রি কোণে, অর্থাৎ প্রায় খাড়াভাবে।
জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা বলেন, পৃথিবীর যেসব স্থানে ওই মুহূর্তে সূর্য দৃশ্যমান থাকবে, সেসব স্থান থেকে সূর্যের দিকই হবে কাবার দিক। ফলে একটি খাড়াভাবে স্থাপন করা বস্তুর ছায়া ঠিক বিপরীত দিকে পড়বে, যা অনুসরণ করে সহজেই কিবলার দিক নির্ধারণ করা সম্ভব।
তিনি জানান, কিবলার দিক নির্ণয়ের জন্য একটি সমতল স্থানে সোজাভাবে একটি লাঠি বা অন্য কোনো বস্তু স্থাপন করতে হবে। নির্ধারিত সময়ে বস্তুর ছায়ার বিপরীত দিকই হবে কাবার দিক। এই সহজ ও প্রাকৃতিক পদ্ধতি বহু বছর ধরেই জ্যোতির্বিজ্ঞানীরা ব্যবহার করে আসছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মক্কা থেকে দূরবর্তী দেশ ও অঞ্চলে বসবাসকারী মুসলিমদের জন্য এই পদ্ধতি বিশেষভাবে কার্যকর। এছাড়া জেদ্দার মতো মক্কার কাছাকাছি শহরগুলোতেও বিদ্যমান কিবলার দিক সঠিক রয়েছে কি না, তা যাচাই করতেও এ পদ্ধতি ব্যবহার করা যায়।
মাজেদ আবু জাহরা আরও বলেন, এটি সম্পূর্ণ একটি প্রাকৃতিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা, যা মক্কার অক্ষাংশের সঙ্গে সূর্যের আপাত অবস্থানের সামঞ্জস্যের কারণে ঘটে। এ ঘটনাকে ভিত্তি করে জ্যোতির্বিজ্ঞানীরা নির্ভুলভাবে কিবলার দিক নির্ধারণ করে থাকেন।
সূত্র: গালফ নিউজ