স্পোর্টস ডেস্ক:
ফুটবল বিশ্বের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান সময়ের দুই প্রজন্মের দুই মহাতারকা—লিওনেল মেসি ও লামিন ইয়ামাল। আগামী ১৯ জুলাই আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে ইতোমধ্যেই উত্তেজনা তুঙ্গে। তবে ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে একটি পুরোনো ছবি, যেখানে মাত্র ছয় মাস বয়সী ইয়ামালকে কোলে নিয়ে হাসতে দেখা যায় তরুণ মেসিকে।
বিশ্বকাপের এবারের আসরে ইতিহাসে প্রথমবারের মতো ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দলই জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। একই সঙ্গে এবারই প্রথম ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে। ফলে ১৯ জুলাইয়ের এই লড়াইকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।
স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল সম্প্রতি ক্রীড়াভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম ডিএজেডএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে লিওনেল মেসির বিপক্ষে ফাইনাল খেলার সম্ভাবনা নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
ইয়ামাল বলেন, “আমি এখন কিছুটা বড় হয়েছি, লিওর বয়সও বেড়েছে। আশা করছি ফাইনালে ওর মুখোমুখি হতে পারব। বিশেষ করে ফিনালিসিমা ম্যাচটি যেহেতু মাঠে গড়ায়নি, তাই এই ফাইনালটি আমার জন্য অনেক বড় সুযোগ।”
ফুটবলপ্রেমীদের কাছে ইয়ামাল ও মেসির সম্পর্কের সবচেয়ে আবেগঘন স্মৃতি সেই ভাইরাল ছবি। ২০০৭ সালে বার্সেলোনা ফাউন্ডেশনের একটি দাতব্য কর্মসূচির অংশ হিসেবে ইউনিসেফের উদ্যোগে একটি ফটোশুটের আয়োজন করা হয়েছিল। লটারির মাধ্যমে নির্বাচিত কয়েকটি পরিবারের শিশুদের সঙ্গে ছবি তুলেছিলেন তখনকার ২০ বছর বয়সী লিওনেল মেসি। সৌভাগ্যক্রমে নির্বাচিত পরিবারগুলোর একটি ছিল লামিন ইয়ামালের পরিবার। তখন মাত্র ছয় মাস বয়সী ইয়ামালকে কোলে নিয়ে ছবি তুলেছিলেন মেসি।
বছর পেরিয়ে সেই ছবিই এখন ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্ত। কারণ, যে তরুণ ফুটবলার একদিন শিশুটিকে কোলে নিয়েছিলেন, তিনি পরিণত হয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে। আর সেই শিশুই এখন বিশ্ব ফুটবলের সবচেয়ে প্রতিভাবান তরুণদের একজন এবং স্পেনের আক্রমণভাগের প্রধান ভরসা।
নিয়তির অদ্ভুত পরিক্রমায় এবার তারা আবারও একই মঞ্চে। তবে এবার কোনো দাতব্য অনুষ্ঠানে নয়, বরং ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে।
সবকিছু ঠিক থাকলে ১৯ জুলাইয়ের ফাইনালে একদিকে থাকবেন অভিজ্ঞতার প্রতীক লিওনেল মেসি, অন্যদিকে ভবিষ্যতের সম্ভাবনাময় তারকা লামিন ইয়ামাল। প্রজন্মের এই লড়াই ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের অপেক্ষা শুরু হয়েছে।
সূত্র: এএফআই