রক্তভেজা জুলাইয়ের স্মৃতিতে নত কুমিল্লা,ফুলে ফুলে ভরে উঠল শহিদদের স্মৃতিস্তম্ভ

মোঃআনজার শাহ

ঐতিহাসিক ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিভিন্ন কর্মসূচি। শ্রদ্ধা, ভালোবাসা আর অশ্রুসিক্ত স্মৃতিচারণে জাতি আরও একবার ফিরে তাকাল সেই রক্তক্ষরা জুলাইয়ের দিকে, যে জুলাই বদলে দিয়েছে দেশের ইতিহাসের গতিপথ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় কুমিল্লা নগরীর টাউন হল মাঠে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আক্তার, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

জুলাই শহিদদের স্মরণে বিশেষ মোনাজাত পর্বের মধ্য দিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ সুপার, জেলা সিভিল সার্জন, কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ, জেলা পরিষদ, ফায়ার সার্ভিস, গণপূর্ত অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা জেলার কর্মকর্তাসহ অন্যান্য সরকারি বিভাগের কর্মকর্তাবৃন্দ।

এ ছাড়াও কুমিল্লা মহানগর বিএনপি, জাতীয় নাগরিক পার্টির জেলা ও মহানগর শাখা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিপ্লবী জুলাই যোদ্ধা কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দসহ নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম জুলাই যোদ্ধা তানভীর আহমেদ বলেন, “দেশের ইতিহাসে জুলাই একটি অনন্য অধ্যায়। দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এই আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের মাঝে। ছোট্ট জেলা কুমিল্লায় অনেক মা তাঁদের প্রিয় সন্তানকে হারিয়েছেন। জুলাই আন্দোলনে যাঁরা শহিদ হয়েছেন, তা জেলার মানুষের জন্য যেমন বেদনার, তেমনি গৌরবেরও।”

স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে অগণিত মানুষের নীরব শ্রদ্ধা যেন প্রমাণ করে দিল, জুলাইয়ের শহিদরা শুধু ইতিহাসের পাতায় নয়, বেঁচে আছেন প্রতিটি বাংলাদেশির হৃদয়ে। তাঁদের রক্তের বিনিময়ে পাওয়া স্বপ্নের বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়েই কুমিল্লাবাসী আজ আরও একবার শপথ নিল শহিদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *