অনলাইন ডেস্ক: রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ, যিনি করোনাকালে ভুয়া করোনা পরীক্ষার কেলেঙ্কারির মাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছিলেন, এবার ২ কোটি ১৬ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় কারাগারে গেছেন। সোমবার (২০ জুলাই) ঢাকার ৫ম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাদিক আহম্মেদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সাহেদের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন জানান, মামলাটি দায়েরের সময় সাহেদ অন্য একটি মামলায় সাড়ে চার বছর কারাগারে ছিলেন। সে সময় তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। পরে ২০২৫ সালের ৪ মে আদালত তাকে এক বছরের কারাদণ্ড এবং ২ কোটি ১৬ লাখ টাকা অর্থদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান তিনি।
মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালে ব্যবসায়িক উদ্দেশ্যে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক থেকে ২ কোটি ১৬ লাখ টাকা ঋণ নেন সাহেদ। ঋণের নিরাপত্তা হিসেবে একই অঙ্কের একটি চেক জমা দিলেও পরবর্তীতে ঋণ পরিশোধ না করায় ব্যাংক চেকটি ডিজঅনার করে। পরে এ ঘটনায় নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় মামলা দায়ের করা হয়।
বিচার শেষে আদালত ২০২৫ সালের ৪ মে তাকে এক বছরের কারাদণ্ড, সমপরিমাণ অর্থদণ্ড এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর আগে রোববার রাজধানীর ইসিবি চত্বর থেকে সাহেদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পল্লবী থানার আবেদনের ভিত্তিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।