নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম বলেছেন, গণভোটকে অবৈধ বলা হলে বর্তমান সরকারের বৈধতাও প্রশ্নবিদ্ধ হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে তিনি বলেন, “এই গণভোট যদি অবৈধ হয়, তাহলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও অবৈধ এবং এই বিএনপি সরকারও অবৈধ।”
বুধবার (২২ জুলাই) রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বাণীনগর উচ্চ বিদ্যালয় মাঠে ‘জুলাই পথযাত্রা’ শেষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব বক্তব্য দেন।
সভায় সারজিস আলম আওয়ামী লীগ ও বিএনপি—উভয় দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেন, আওয়ামী লীগের আমলে মেগা প্রকল্পের নামে ব্যাপক লুটপাট হয়েছে। একইভাবে বর্তমানে খাল খননের প্রকল্পেও অনিয়ম হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, শ্রমিক দিয়ে কাজ করার কথা থাকলেও ভুয়া তালিকা তৈরি করে অর্থ উত্তোলন করা হচ্ছে। এমনকি বহু বছর আগে মারা যাওয়া ব্যক্তিদের নামও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বাস্তবে ড্রেজার দিয়ে খাল খনন করা হলেও বালু ও পাথর লুটপাটের অভিযোগও তোলেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় পর্যায়ে বিএনপির প্রভাবশালী নেতাদের অর্থ না দিলে অনেক ঠিকাদার কাজ শুরু করতে পারেন না। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে পদ পেতেও দলীয় পরিচয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
প্রশাসনের ভূমিকাও সমালোচনা করে সারজিস আলম বলেন, অতীতের বিতর্কিত নির্বাচন পরিচালনাকারী অনেক জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) ভেবেছিলেন ক্ষমতার পরিবর্তনে তারা উচ্চপদে যাবেন। কিন্তু বাস্তবে তাদের অনেকেই চাকরি হারিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
লালমনিরহাট জেলা এনসিপির সদস্য সচিব শাহ সুলতান নাসির উদ্দিন নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দলের সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।