মোহাম্মদ হোসেন সুমন:
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে চলাচলকারী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আলোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির এক নিকটাত্মীয়কে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (২৬ জুলাই) বিকেলে কোস্ট গার্ড চট্টগ্রাম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (২৫ জুলাই) সকালে উখিয়া উপজেলার ইনানী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি মো. হাফেজ উল্লাহ (৬৩)। তিনি সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ফুফাতো বোনের স্বামী। এ ছাড়া তিনি টেকনাফ উপজেলা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকায়।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ১০টার দিকে ইনানী স্টেশনের একটি বিশেষ দল মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালায়। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হলে সন্দেহভাজন যাত্রী হাফেজ উল্লাহর কাছ থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করে উদ্ধারকৃত ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এর আগেও মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন হাফেজ উল্লাহ। ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় র্যাবের অভিযানে একটি যাত্রীবাহী বাস থেকে ৫ হাজার ১৮৫ পিস ইয়াবাসহ তিনি গ্রেপ্তার হন। কয়েক মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান। এরপর আবারও মাদক কারবারে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ রয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, শুক্রবার রাতে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হাফেজ উল্লাহকে শনিবার দুপুরে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।