সীতাকুণ্ডে আন্তঃজেলা রোড ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

কামরুল ইসলাম:

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডাকাতির প্রস্তুতিকালে আরাফাত হোসেন জিসান (২৪) নামে আন্তঃজেলা রোড ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে কুমিরা হাইওয়ে থানার টহল পুলিশ। এ সময় ডাকাতদের ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সদস্যরা পালিয়ে যায়।

সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসভা এলাকার নুনাছড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আফসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে একদল ডাকাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নুনাছড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টহল পুলিশ তাদের ধাওয়া করলে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে একটি পিকআপসহ আরাফাত হোসেন জিসানকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়।

ওসি আরও বলেন, আটক ব্যক্তিকে পিকআপসহ সীতাকুণ্ড মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর বিষয়টি নিশ্চিত করে বলেন, নুনাছড়া এলাকার মহাসড়ক থেকে কুমিরা হাইওয়ে থানার টহল পুলিশ আন্তঃজেলা রোড ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে। পরে তাকে সীতাকুণ্ড থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *