মোঃআনজার শাহ
গৃহায়ণ ও গণপূর্ত খাতের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
মঙ্গলবার(২৮ জুলাই) নিজ কার্যালয়ে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই গুরুত্বারোপ করেন। এ সময় প্রতিনিধি দল মন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত হয় আন্তরিক ও ফলপ্রসূ মতবিনিময়।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে আরও কার্যকর করতে সরকারি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে নিবিড় সমন্বয় ও সহযোগিতার কোনো বিকল্প নেই। তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও জনমুখী করতে সবার সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন।
সাক্ষাৎকালে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল গৃহায়ণ ও গণপূর্ত খাত-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মতামত, অভিজ্ঞতা ও গঠনমূলক পরামর্শ তুলে ধরেন। মন্ত্রী তাঁদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং জনকল্যাণ ও রাষ্ট্রের স্বার্থে যৌক্তিক ও বাস্তবসম্মত প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস প্রদান করেন।
তিনি আরও বলেন, জনগণের কল্যাণে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করা হবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে অংশীজনদের সঙ্গে নিয়মিত সংলাপ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং জনস্বার্থে গঠনমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সৌজন্য সাক্ষাৎ গৃহায়ণ ও গণপূর্ত খাতের উন্নয়নে অংশীজনভিত্তিক সমন্বয়কে আরও শক্তিশালী করবে।