মোঃআনজার শাহ
রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলায় জাগ্রত জুলাই ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “শহীদদের আত্মত্যাগ, আমাদের দায় ও নতুন বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা। সভায় জুলাইয়ের চেতনা সমুন্নত রাখা এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
আলোচনা সভায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন দৃঢ়কণ্ঠে ঘোষণা দেন, জীবনের বিনিময়ে হলেও জুলাইকে জাগ্রত রাখবে গণঅধিকার পরিষদের প্রতিটি নেতা-কর্মী। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না এবং তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলাই এখন সবার প্রধান দায়িত্ব।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর এবং গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
সভাপতিত্ব করেন জাগ্রত জুলাই ফোরামের আহ্বায়ক আলহাজ্ব আহমেদ জীবন। এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং ড. শহীদুল আলম।
প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, জুলাই আন্দোলনের চেতনা ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা বলেন, তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করাই বর্তমান প্রজন্মের প্রধান দায়িত্ব এবং সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।