খসরু মৃধা:
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ঐতিহাসিক মিরের বাজারে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাস, অস্থিতিশীলতা সৃষ্টি ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে পূবাইল থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মিরের বাজার মহাসড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে পূবাইল থানা বিএনপির স্থানীয় নেতাকর্মী এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিকে কেন্দ্র করে বিকেল থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা মিরের বাজারে জড়ো হতে থাকেন। পরে মিছিল ও স্লোগানে মিরের বাজার এলাকা মুখর হয়ে ওঠে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জাকির হোসেন সরকার, আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া ও নজরুল ইসলাম। এ ছাড়া সম্মানিত সদস্য আসাদ হোসেন খান বুলবুলসহ যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ আবারও সংগঠিত হয়ে দেশে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তাদের দাবি, পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্র করা হচ্ছে।
বক্তারা বলেন, গাজীপুরের জনগণ ও রাজনৈতিক নেতাকর্মীরা যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান নেবেন। একই সঙ্গে এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
সমাবেশ থেকে ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এ জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মিরের বাজারের প্রধান সড়ক ও ঢাকা-বাইপাস মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।
কর্মসূচির শেষ দিকে বক্তারা দেশের শান্তি, স্থিতিশীলতা ও সার্বিক নিরাপত্তা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।