আবু ইউছুফ রাবেত: কুমিল্লার বরুড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ খোশবাস ইউনিয়নের মুগুজী গ্রামের দাসপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকারের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় একটি নির্দিষ্ট স্থান থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দ করা হয়।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক কারবারিরা দ্রুত পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ফেনসিডিলের সঠিক পরিমাণ গণনার কাজ চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিস্তারিত তথ্য জানানো হবে। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। জড়িত মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।”