পটিয়ায় পুলিশের অভিযানে ৪টি চোরাই সিএনজি উদ্ধার, আন্তঃজেলা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

কামরুল ইসলাম:

চট্টগ্রামের পটিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৪টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ সময় আন্তঃজেলা চোরাই যানবাহন চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২ আগস্ট) দুপুরে পটিয়া পৌরসভার বাহুলী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসংলগ্ন ফাতেমা মোটরসের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কয়েক দিন নজরদারির পর চোরাই সিএনজি অটোরিকশা কেনাবেচার সময় হাতেনাতে মো. নুরুল আমিন (৩০), উজ্জ্বল মিয়া (৩৬) ও রিমন আহমদ (২৭)-কে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৪টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া যানবাহনের মধ্যে তিনটির কোনো নিবন্ধন নম্বর ছিল না।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ চোরাই যানবাহন চক্রের সক্রিয় সদস্য বলে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। উদ্ধার হওয়া সিএনজিগুলোর প্রকৃত মালিক শনাক্ত এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় পটিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *