স্পোর্টস ডেস্ক:
অস্ট্রিয়ার বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে গোল করে বিতর্কিত উদযাপনের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ইসরাইলের ফরোয়ার্ড সাইদ আবু ফারহিকে। গোলের পর কর্নার পতাকা তুলে এমন ভঙ্গি করেন, যা বন্দুক চালানোর মতো বলে প্রতীয়মান হয়। এর পরই তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি, ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।
লিনৎসের রাইফাইসেন অ্যারেনায় বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে ২০ বছর বয়সী আবু ফারহি দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে হেডে গোল করে ইসরাইলকে সমতায় ফেরান। গোলের পর তিনি কর্নার পতাকার কাছে গিয়ে সেটি তুলে নিয়ে মাটিতে হাঁটু গেড়ে ধরে উদযাপন করেন। এরপর পতাকাটিকে বন্দুকের মতো ধরে গুলি ছোড়ার ভঙ্গি করেন।
এর মাত্র কয়েক মিনিট আগে আবু ফারহিকে একটি হলুদ কার্ড দেখানো হয়েছিল। ফলে উদযাপনের ঘটনায় দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর সঙ্গে সঙ্গে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এতে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় ইসরাইলকে।
ফুটবলের নিয়ম অনুযায়ী, গোল উদযাপনের সময় কোনো খেলোয়াড় উসকানিমূলক, বিদ্রূপাত্মক বা উত্তেজনাকর আচরণ করলে তাকে হলুদ কার্ড দেখানো যেতে পারে। এ ম্যাচে আবু ফারহির উদযাপনের পর রেফারি সেই বিধানেই দ্বিতীয় হলুদ কার্ড দেখান।
ম্যাচে প্রথমে পেনাল্টি থেকে অস্ট্রিয়াকে এগিয়ে দেন রোমানো শ্মিড। আবু ফারহির গোলে ইসরাইল সমতায় ফেরার পর শেষ দিকে ফিলিপ মভেনে ও সাশা কালাইজিচ গোল করলে ৩-১ ব্যবধানে জয় পায় অস্ট্রিয়া।
আবু ফারহি বর্তমানে মেজর লিগ সকারের ক্লাব কলোরাডো র্যাপিডসের হয়ে খেলেন। অস্ট্রিয়ার বিপক্ষে গোলটি ছিল জাতীয় দলের হয়ে তার প্রথম গোল।