মোঃ শামীম হোসেন শিকদার:
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বন্যাদুর্গত ছাইঙ্গ্যা এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বান্দরবান জেলা বিএনপি। মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) উপজেলার তারাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছাইঙ্গ্যা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজার উদ্যোগে আয়োজিত এ ত্রাণ কার্যক্রমে শতাধিক বন্যাকবলিত পরিবারের হাতে জরুরি খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা। তিনি বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু রাজনৈতিক দায়িত্ব নয়, এটি মানবিক ও নৈতিক দায়িত্বও। বিএনপি সব সময় দেশের দুর্যোগকবলিত মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক বাবু লুসাই মং ও জসিম উদ্দিন তুষার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন জনি, সেলিম রেজা, ছরোয়ার জামান, চনুমং মারমা, মাওসেতুং তঞ্চঙ্গ্যা, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শফিউল্লাহ সফি এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ত্রাণ বিতরণকালে নেতৃবৃন্দ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। অনেক পরিবার ঘরবাড়ি, ফসল ও দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী হারিয়ে মানবেতর জীবনযাপন করছে বলে তারা জানতে পারেন। এ সময় ক্ষতিগ্রস্তদের হাতে চাল, ডাল, তেল, আলু, শুকনো খাবারসহ বিভিন্ন জরুরি খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
এলাকাবাসী জানান, সাম্প্রতিক বন্যায় ছাইঙ্গ্যা এলাকার অনেক পরিবার ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে বসতঘর, রাস্তাঘাট ও কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক পরিবার এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠনের ত্রাণ সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।
নেতৃবৃন্দ বলেন, দুর্যোগ মোকাবিলায় কেবল ত্রাণ বিতরণই যথেষ্ট নয়; ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, নিরাপদ বাসস্থান নিশ্চিত করা এবং কৃষি ও জীবিকাভিত্তিক সহায়তা প্রদানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি। তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক তালিকা প্রস্তুত করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কার্যকর পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।
ত্রাণ গ্রহণকারী বন্যাদুর্গত পরিবারের সদস্যরা এ সহায়তার জন্য বান্দরবান জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, দুর্যোগ-পরবর্তী সময়েও তাদের পুনর্বাসনে সকল মহল আন্তরিকভাবে এগিয়ে আসবে।