নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্টকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা হুমকির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, গোয়েন্দা সংস্থার কাছে এখন পর্যন্ত ৫ আগস্টকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকির তথ্য নেই। তবুও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, দিবসটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
এক প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, কর্মসূচি অনুষ্ঠিত হবে এমন স্থানগুলোতে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে।
রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সার্বক্ষণিক মাঠে রয়েছে উল্লেখ করে শফিকুল ইসলাম বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।