মনজুর আলম:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী নয়াপাড়া এলাকায় যাত্রীবাহী জিপ ও লাল-সবুজ গাড়ির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে চকরিয়া উপজেলার খুটাখালী নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে দ্রুতগতির একটি জিপ ও লাল-সবুজ গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, গাড়ি দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় হতাহতদের উদ্ধার করে দ্রুত মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা চারজনের মৃত্যু নিশ্চিত করেন। গুরুতর আহত অপর চারজন একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।