নারায়ণগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও পোনা অবমুক্ত

মোহাম্মদ হোসেন হ্যাপী:

‘বাংলার মৎস্য খাত, সমৃদ্ধির পথ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সফল মৎস্যচাষিদের পুরস্কার বিতরণ এবং উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রোববার (১৬ আগস্ট) সকালে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন।

দিবসের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ও পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করতে হবে। জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানুষের আমিষের চাহিদা পূরণেও মৎস্য খাতের আধুনিকায়ন জরুরি।

অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। পরে উন্মুক্ত জলাশয়ে মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় মৎস্যচাষিরা।

আয়োজকরা জানান, মৎস্য সম্পদের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছের সরবরাহ নিশ্চিত করা এবং মৎস্যজীবীদের উৎসাহিত করার লক্ষ্যে জাতীয় মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *