মোঃ মশিউর রহমান:
মাত্র পাঁচ দিনের দুই যমজ কন্যাশিশু। মায়ের আদর-স্নেহ পাওয়ার বয়সেই মাকে হারিয়ে ছটফট করছে অবুঝ দুই নবজাতক। সন্তান জন্মের মাত্র পাঁচ দিন পর দুই শিশুকে বাড়িতে রেখে মায়ের চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম বিপাকে পড়েছেন শিশু দুটির বাবা ও পরিবারের সদস্যরা।
ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ধাড়িয়াল গ্রামে। পলাতক মায়ের নাম মারিয়া (১৮)। তিনি শান্তিনগর এলাকার ময়েন উদ্দিনের মেয়ে এবং ধাড়িয়াল গ্রামের সোলায়মান হোসেনের ছেলে সাকিব হোসেনের (২০) স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে সাকিব ও মারিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে সময় সাকিবের বয়স ছিল প্রায় ১৭ বছর এবং মারিয়ার বয়স ছিল প্রায় ১৫ বছর। পরিবারের পক্ষ থেকে তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় একপর্যায়ে তারা বাড়ি থেকে চলে যান। পরে স্থানীয়দের মাধ্যমে তাদের খুঁজে বের করা হয় এবং পারিবারিকভাবে বিয়ের ব্যবস্থা করা হয়।
বিয়ের প্রায় তিন বছর পর গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঘাটাইলের হাজী খোরশেদ আলী মেমোরিয়াল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে মারিয়ার কোলজুড়ে আসে যমজ দুই কন্যাশিশু। সন্তান জন্মের পর পাঁচ দিন পর্যন্ত মা ও নবজাতকরা পরিবারের সঙ্গেই ছিলেন।
কিন্তু গত সোমবার রাতে মাত্র পাঁচ দিনের দুই নবজাতককে বাড়িতে রেখে মারিয়া চলে গেছেন বলে অভিযোগ করেছেন স্বামী ও পরিবারের সদস্যরা। এরপর প্রায় একদিন পার হলেও তিনি সন্তানদের কাছে ফিরে আসেননি। মায়ের অনুপস্থিতিতে দুই নবজাতককে নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন বাবা সাকিব হোসেন।
সাকিব হোসেন বলেন, ‘পাঁচ দিনের যমজ দুই শিশুকে নিয়ে আমি চরম বিপাকে আছি। নবজাতক দুটিকে বাঁচাতে এখন মায়ের খুব প্রয়োজন। আমি এলাকাবাসী ও প্রশাসনের সহযোগিতা চাই। মা যেন দ্রুত ফিরে এসে সন্তান দুটিকে কোলে তুলে নেয়। আমি সেই অপেক্ষায় আছি।’
সাকিবের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজনের ইশারা বা কোনো ধরনের প্ররোচনায় তার স্ত্রী সন্তানদের রেখে চলে যেতে পারেন বলে তিনি সন্দেহ করছেন। তবে তার এই অভিযোগের পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে মারিয়া কেন সন্তানদের রেখে চলে গেছেন, সে বিষয়টিও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে মাত্র পাঁচ দিনের দুই নবজাতককে নিয়ে পরিবারটির মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। শিশু দুটির দেখাশোনা ও প্রয়োজনীয় যত্ন নিয়ে পরিবারের সদস্যরাও দুশ্চিন্তায় রয়েছেন। নবজাতকদের মায়ের সন্ধান করে দ্রুত তাদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, ‘গত রাতে আমরা এ ধরনের একটি জিডি পেয়েছি। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি এবং শিশুটির মাকে খুঁজে বের করে সন্তানদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি।’
পুলিশ জানিয়েছে, মারিয়াকে খুঁজে বের করতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে। তিনি কেন সন্তানদের রেখে চলে গেছেন, এ বিষয়ে তার সন্ধান পাওয়ার পরই প্রকৃত কারণ জানা সম্ভব হবে।