মোঃআনজার শাহ
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ চলছে জাতীয় সংসদ ভবনে। এই নির্বাচনে ভোট দিচ্ছেন সংসদের ৩৪৯ জন সদস্য। তবে রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েও নিজের ভোট নিজে দিতে পারছেন না জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ, বীর বিক্রম।
এর কারণ হলো, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকার শুধু জাতীয় সংসদ সদস্যদের রয়েছে। যেহেতু অলি আহমদ জাতীয় সংসদের সদস্য নন, তাই প্রার্থী হয়েও নিজের পক্ষে নিজে ভোট দেওয়ার সুযোগ তিনি পাচ্ছেন না।
অন্যদিকে, বিএনপির প্রার্থী ও দলটির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদের সদস্য হওয়ায় নিজের ভোট নিজেই দিতে পারছেন। তবে রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাঁকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে হবে, যেহেতু সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ও সংসদ সদস্য পদ একসঙ্গে ধরে রাখার সুযোগ নেই।
নির্বাচন কমিশনের প্রকাশিত ৩৪৯ জনের ভোটার তালিকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম থাকলেও, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়া অলি আহমদের নাম সেই তালিকায় নেই। সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি জাতীয় সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন এবং এই ভোটাধিকার শুধু বর্তমান সংসদ সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ।
দুপুর ২টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় কার্যত নিশ্চিত বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।