কক্সবাজার প্রতিনিধি:
সরকারি যাকাত ফান্ডের অর্থে পরিচালিত সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা যাকাত কমিটির সভাপতি মো. আব্দ মান্নান। সিনিয়র ফিল্ড সুপারভাইজার সাইফুদ্দিন খালেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উপপরিচালক মোহাম্মদ সরওয়ার আকবর।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারি যাকাত ফান্ড দরিদ্রতা বিমোচন ও আর্তমানবতার সেবায় কার্যকর ভূমিকা রেখে চলেছে। যাকাতদাতাদের তাদের যাকাতের একটি অংশ সরকারি যাকাত ফান্ডে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে ফান্ড সমৃদ্ধ হওয়ার পাশাপাশি এর কার্যক্রম আরও গতিশীল হবে।
এ সময় বাল্যবিবাহ প্রতিরোধ ও যৌতুকপ্রথার বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরিতে প্রশিক্ষণার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানান জেলা প্রশাসক।
অনুষ্ঠান শেষে ১৮ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সেলাই মেশিন এবং ৬০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে মোট ১ লাখ ২০ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উপপরিচালক মোহাম্মদ সরওয়ার আকবর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।