বন্যায় বিপর্যস্ত নেপালে যুক্তরাষ্ট্রের ৫ লাখ ডলার সহায়তা, যাচ্ছে দুর্যোগ উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক  :

ভয়াবহ আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালের উত্তরাঞ্চলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে ৫ লাখ মার্কিন ডলার আর্থিক সহায়তা এবং একজন দুর্যোগ মোকাবিলা উপদেষ্টা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৬ আগস্ট) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ক্যাথলিক রিলিফ সার্ভিসেসের মাধ্যমে নেপালকে ৫ লাখ ডলার সহায়তা দেওয়া হবে। বন্যাদুর্গত মানুষের জরুরি আশ্রয়, খাদ্য, ওষুধ, বিশুদ্ধ পানি, ত্রাণসামগ্রী, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এই অর্থ ব্যয় করা হবে।

এ ছাড়া উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নিয়োজিত নেপালের সেনাবাহিনী, পুলিশ এবং দুর্যোগ মোকাবিলা দপ্তরের সদস্যদের পরামর্শ ও প্রয়োজনীয় নির্দেশনা দিতে একজন ‘ডিজাস্টার অ্যাসিসট্যান্স রেসপন্স অ্যাডভাইজার’ পাঠাচ্ছে ওয়াশিংটন। তবে বিবৃতিতে ওই উপদেষ্টার নাম প্রকাশ করা হয়নি।

এর আগে বুধবার নেপালের তিব্বত সীমান্তবর্তী রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যা ও হড়পা বান দেখা দেয়। রাসুয়া জেলার ওপর দিয়ে প্রবাহিত পাহাড়ি নদী ভোটেকোশির পানির অস্বাভাবিক বৃদ্ধিকে এ দুর্যোগের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, বন্যার পর রাসুয়ার বিভিন্ন এলাকায় জমে থাকা কাদা ও পাথরের স্তূপ থেকে এখন পর্যন্ত ১৫৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৫৭৯ জন।

নিখোঁজদের মধ্যে অধিকাংশই পর্যটক বলে জানিয়েছে নেপাল পুলিশ। তাদের তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ১০০ জনের বেশি ভারতীয়, ৫৪ জন মার্কিন নাগরিক, ৩৩ জন ব্রিটিশ নাগরিক এবং ১০০ জনের বেশি নেপালি নাগরিক রয়েছেন। এ ছাড়া নিখোঁজদের তালিকায় কয়েক ডজন পুলিশ কর্মকর্তা, সেনাসদস্য ও বিদ্যুৎকর্মীও রয়েছেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, উদ্ধার তৎপরতায় নেপাল সরকারকে সহায়তা এবং নিখোঁজ মার্কিন নাগরিকদের সন্ধানে সহযোগিতা করতে কাঠমান্ডুতে অবস্থিত মার্কিন দূতাবাসকে নির্দেশ দিয়েছে ওয়াশিংটন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *