দলবদলের গুঞ্জনের মাঝে মানসিকভাবে কঠিন সময়ে আলভারেজ

স্পোর্টস ডেস্ক:

দলবদলের গুঞ্জনের মধ্যেই কঠিন সময় পার করছেন অ্যাতলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। টানা তৃতীয় দিনের মতো দলের অনুশীলনে দেখা যায়নি তাকে। এমনকি সেভিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচেও দলের সঙ্গে সফরে যাচ্ছেন না তিনি।

সম্প্রতি আলভারেজকে দলে রাখতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। তাকে কোনোভাবেই বার্সেলোনার কাছে বিক্রি করা হবে না বলে জানিয়েছে স্প্যানিশ ক্লাবটি। এর মধ্যেই স্প্যানিশ গণমাধ্যমে খবর এসেছে, ব্যক্তিগত ও পেশাদার জীবনের নানা চাপের কারণে মানসিকভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন আলভারেজ।

সেভিয়ার বিপক্ষে ম্যাচের আগে আলভারেজের অনুপস্থিতি নিয়ে কথা বলেন অ্যাতলেটিকোর কোচ দিয়েগো সিমিওনে। তিনি বলেন, ‘হুলিয়ান আমাদের সঙ্গে আগামীকাল সফরে যাচ্ছে না। ক্লাব তার ব্যাপারে পরিষ্কার। যখন সে অনুশীলনে ফিরবে, আমি তাকে সবসময়ের মতো এই ক্লাবে গুরুত্বপূর্ণ অনুভব করাতে সম্ভাব্য সবকিছু করব। এখন সে ভালো বোধ করছে না।’

রেডিও কোপের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আলভারেজ বিষণ্ণতায় ভুগছেন। তবে তার বর্তমান অবস্থার বিষয়ে ক্লাবের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

অ্যাতলেটিকোর প্রধান নির্বাহী গিল মারিনও জানিয়েছেন, শুরুতে আলভারেজের শারীরিক সমস্যা থাকলেও বর্তমানে তিনি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন।

মারিন বলেন, ‘হুলিয়ান সত্যিই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কিছু লোক তাকে দ্বিধায় ফেলে দিচ্ছে। আমি এজন্য খুবই দুঃখিত। আমি তাকে জানি, আমরা কিছু সময় ধরে তার সঙ্গে কাজ করছি। সে একজন দারুণ পেশাদার ও ফুটবলার। ব্যক্তিগত ও পেশাদার—দুই পর্যায়েই সে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।’

দলবদলের বাজারে আলভারেজকে নিয়ে বার্সেলোনার আগ্রহের খবরের মধ্যেই তার এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে অ্যাতলেটিকোর পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে বিক্রির কোনো পরিকল্পনা তাদের নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *