জ্যেষ্ঠ প্রতিবেদক:
ঘরোয়া ফুটবলের দলবদল শেষ হবে আগামী ৩ সেপ্টেম্বর। এর আগে ফুটবলার নিবন্ধনের জন্য ক্লাবগুলোকে বাধ্যতামূলকভাবে ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। শুক্রবার (২৮ আগস্ট) ছিল লাইসেন্সিংয়ের শেষ দিন। তবে ফিফার নিষেধাজ্ঞা থাকায় বসুন্ধরা কিংস ও ফকিরেরপুল ইয়ংমেন্স এখনো লাইসেন্সিং সম্পন্ন করতে পারেনি।
বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ফিফার চারটি নিষেধাজ্ঞা রয়েছে। তবে ক্লাবটি ফুটবলারদের বকেয়া পাওনা পরিশোধ করেছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হতে আরও দুই থেকে তিন কর্মদিবস সময় লাগতে পারে। বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কিংসকে ক্লাব লাইসেন্সিং সম্পন্ন করার জন্য আরও চার দিন সময় দিয়েছে।
বাফুফের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে বসুন্ধরা কিংস লাইসেন্সিং প্রক্রিয়া শেষ করতে পারবে। তবে ক্লাব লাইসেন্সিংয়ের সময় বাড়ানো হলেও ঘরোয়া ফুটবলের দলবদলের সময়সীমা বাড়ানো হবে না। ৩ সেপ্টেম্বরের পর দলবদলের সময় আর বাড়ানোর সুযোগ নেই।
বসুন্ধরা কিংস প্রায় এক সপ্তাহ আগে সংশ্লিষ্ট ফুটবলারদের পাওনা পরিশোধ করেছে। অর্থ পরিশোধের ব্যাংক কপিও বাফুফের কাছে জমা দিয়ে বিষয়টি জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এখন ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষা।
অন্যদিকে বাংলাদেশ ফুটবল লিগ থেকে অবনমিত হওয়া ফকিরেরপুল ইয়ংমেন্সকেও লিগে খেলার সুযোগ দিয়েছে বাফুফে। ক্লাবটির বিরুদ্ধেও ফিফার দুটি রেজিস্ট্রেশন নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়ায় থাকা ক্লাবটি সংশ্লিষ্ট দুই ফুটবলারের সঙ্গে চুক্তি করেছে। তবে চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধের ব্যাংক কপি এখনো ফেডারেশনে জমা পড়েনি।
এদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে দলবদল সম্পন্ন করছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী। নানা সংকটের মধ্যেও তারা বিদেশি ফুটবলার দলে ভেড়াচ্ছে। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে নাইজেরিয়ার হয়ে খেলা একজন ফুটবলারকেও এবার দলে নিয়েছে ক্লাবটি।
৩ সেপ্টেম্বর দলবদল শেষ হওয়ার পর ঘরোয়া ফুটবল কবে মাঠে গড়াবে, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাফুফে ১৮ সেপ্টেম্বর লিগ শুরুর ঘোষণা দিলেও বাস্তবে নির্ধারিত সময়ে লিগ শুরু করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করছেন ফুটবলসংশ্লিষ্টরা।