আন্তর্জাতিক ডেস্ক:
গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিকবার এমন বক্তব্য দেওয়ার পর হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকেও বিষয়টি প্রচার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ট্রাম্প আবারও দাবি করেন, হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের অন্তর্ভুক্ত।
যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের এমন দাবির তীব্র সমালোচনা করেছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করতে গিয়ে তাকে মানসিকভাবে অসুস্থ বলে মন্তব্য করেন।
ইরানি এই কর্মকর্তা বলেন, ট্রাম্প ‘সিজোফ্রেনিয়ায় আক্রান্ত’। তার দাবি, এ ধরনের রোগের অন্যতম লক্ষণ হলো দৃষ্টিভ্রম ও বিভ্রান্তি। এ ধরনের রোগীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও চিকিৎসার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন নয়। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালানোর পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করে দেয় ইরান। এরপর থেকে ওই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি।
যুক্তরাষ্ট্র একাধিকবার হরমুজ প্রণালিকে নিরাপদ বলে দাবি করেছে। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, সেখানে জাহাজ চলাচলের চেষ্টা করা হলে বিভিন্ন সময়ে হামলার ঘটনা ঘটেছে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের ওপরও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।