নাসির আহমেদ:
নড়াইলের কালিয়া উপজেলায় এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে আমির মুন্সী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কালিয়া উপজেলার ইলিয়াছাবাদ ইউনিয়নের রাজাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমির মুন্সী ওই গ্রামের ছিদ্দিক মুন্সীর ছেলে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী তরুণী ইতি খানম (২১) জীবিকার তাগিদে প্রতিদিন তেরখাদা উপজেলায় কাজ করতে যেতেন। এ কারণে দিনের বেলায় তিনি বাড়িতে একা থাকতেন।
অভিযোগ রয়েছে, এই সুযোগে তার আপন খালাতো ভাই আমির মুন্সী দীর্ঘদিন ধরে তাকে ধর্ষণ করে আসছিলেন। সর্বশেষ গত ২১ আগস্ট ইতি খানমকে ধর্ষণের সময় প্রতিবেশী ও স্বজনরা বিষয়টি দেখতে পান বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
পরে ঘটনাটি পুলিশকে জানানো হলে অভিযান চালিয়ে আমির মুন্সীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের স্ত্রী গর্ভবতী থাকার বিষয়টি নিয়ে পারিবারিক বিরোধের সূত্র ধরে ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় কালিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।
মামলার পর ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।