আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই, দাবি সারজিস আলমের

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:

ডিসেম্বরে আওয়ামী লীগের দেশে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

তিনি বলেন, ‘ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া-বাতাস দুই জায়গায় দেখা যায়—একটা সোশ্যাল মিডিয়ায়, আরেকটা হয়তো ভারতে। বাংলাদেশে আওয়ামী লীগ ফেরার কোনো বাতাস আসার সুযোগ নেই।’

শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘স্বাধীন-সার্বভৌম ভূখণ্ডে গণহত্যাকারী, খুনি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কিংবা কোনো সাজাপ্রাপ্ত আসামি ফিরতে পারবে না। বাংলাদেশে যখন ঢুকবে, তখন জনগণ ফাঁসির মঞ্চে নিয়ে যাবে।’

দেশের জ্বালানি সংকট প্রসঙ্গে সারজিস আলম বলেন, অর্থমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী যদি বলেন বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাহলে সংশ্লিষ্ট মন্ত্রীদের পদত্যাগ করা উচিত। শুধু একজন মন্ত্রীকে দায়ী করে সমস্যার সমাধান হবে না।

তিনি বলেন, ‘এই দায়ভার প্রধানমন্ত্রী তারেক রহমান কোনোভাবেই এড়াতে পারেন না। তিনি যদি দেখেন কোনো মন্ত্রী সঠিকভাবে তার মন্ত্রণালয় পরিচালনা করতে পারছেন না, তাহলে অবশ্যই তাকে অপসারণ করতে হবে। তা না করে তাকে পদে রেখে ব্যর্থতার নাটক দেখতে থাকলে এই দায়ভার এড়ানো সম্ভব নয়।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে সারজিস আলম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত তার মন্ত্রণালয়ের কার্যক্রমে আরও নজর দেওয়া। তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর প্রক্সি হিসেবে কাজ করছেন বলেও মন্তব্য করেন সারজিস।

তিনি বলেন, ‘এটা করতে গিয়ে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি যথাযথ নজর দিতে পারছেন না। আমরা তাকে আহ্বান করব, তিনি যেন তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে নজর দেন।’

এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও আশরাফ উদ্দিন মাহদি এবং কেন্দ্রীয় ছাত্রশক্তির আহ্বায়ক বাকের মজুমদারসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *