স্পোর্টস ডেস্ক:
সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অ্যাস্টন ভিলা ছেড়ে চেলসিতে যোগ দিয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ৭ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে চেলসিতে পাড়ি জমিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে অ্যাস্টন ভিলার সঙ্গে তার ছয় বছরের সম্পর্কেরও ইতি ঘটল।
২০২০ সালে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছিলেন মার্টিনেজ। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫৫ ম্যাচে গোলবারের নিচে দাঁড়িয়েছেন তিনি। ভিলার হয়ে তিনটি প্রধান উয়েফা প্রতিযোগিতাতেও খেলেছেন এই আর্জেন্টাইন তারকা।
চোটের কারণে আঙুল ভাঙা থাকলেও ব্যথানাশক ওষুধ নিয়ে অ্যাস্টন ভিলার হয়ে শেষ ম্যাচে মাঠে নেমেছিলেন মার্টিনেজ। সেই ম্যাচটি ছিল ইউরোপা লিগের ফাইনাল।
মার্টিনেজের সম্ভাব্য বিদায়ের বিষয়টি মাথায় রেখে এরই মধ্যে পার্মা থেকে গোলরক্ষক জায়ন সুজুকিকে দলে ভিড়িয়েছে অ্যাস্টন ভিলা। এছাড়া ইতালিয়ান ক্লাব জুভেন্টাসেও মার্টিনেজের যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই আলোচনা আর বাস্তবে রূপ নেয়নি।
এর আগে নতুন চ্যালেঞ্জের সন্ধানে অ্যাস্টন ভিলা ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন মার্টিনেজ। অন্যদিকে ক্লাবটির কোচ উনাই এমেরি আর্জেন্টাইন গোলরক্ষকের অবদানের প্রশংসা করে নতুন গোলরক্ষকদের নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।