নিজস্ব প্রতিবেদক:
পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই ও পর্যালোচনা শেষে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ সংশোধিত আকারে জাতীয় সংসদে পাসের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুশফিকুর রহমান।
বৈঠকে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটির সদস্যরা বিলটির বিভিন্ন দিক গভীরভাবে পর্যালোচনা করেন। পরে প্রয়োজনীয় সংশোধন এনে বিলটি জাতীয় সংসদে উত্থাপন ও পাসের জন্য চূড়ান্ত সুপারিশ অনুমোদন করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি, কমিটির সদস্য মঈনুল ইসলাম খান, মো. শাহাদাত হোসেন, মো. সাইফুল আলম এবং সৈয়দ জয়নুল আবেদীন অংশ নেন।
বৈঠকে ব্যাংকিং ও আর্থিক খাতের সংশ্লিষ্ট সংশোধনীর বিভিন্ন কারিগরি ও আইনি দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অর্থ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।