চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

আবুল মাছুম:

চট্টগ্রামের চন্দনাইশে যাত্রীবাহী এসি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার রওশন হাট বটতলা এলাকার শাহ সুফি মাজার গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন লোহাগাড়া উপজেলার তোফায়েল মো. মোরসালিন (২২) ও চন্দনাইশ উপজেলার আবদুর গফুর (৫৫)। আহতরা হলেন সানজিদা আক্তার সুমাইয়া (২১), আরিফ (৪০) এবং সিএনজি অটোরিকশার চালক সাইমুন হোসেন (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল ‘তিশা প্লাটিনা’ নামের একটি এসি বাস। একই সময়ে একটি সিএনজি অটোরিকশা পটিয়ার দিকে যাচ্ছিল। মহাসড়কের রওশন হাট বটতলা এলাকায় পৌঁছালে বাসটির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে চন্দনাইশ বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তোফায়েল মো. মোরসালিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আবদুর গফুরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

পরে আহত সানজিদা আক্তার সুমাইয়া, আরিফ ও সিএনজি চালক সাইমুন হোসেনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। এতে মহাসড়কে কিছু সময় যান চলাচলেও ধীরগতি সৃষ্টি হয়।

দোহাজারী হাইওয়ে থানার এসআই আবদুস ছাত্তার দুর্ঘটনা ও দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনাটি তদন্ত করে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *