সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো. আবু বক্কার সিদ্দিক (২১) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শারমিন আক্তার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।আদালত সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল সোয়া ৮টার দিকে সিংড়া উপজেলার বিজয়নগর গ্রামের একটি কওমি মাদরাসার কক্ষে স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির ওই শিশুকে ধর্ষণ করেন আবু বক্কার সিদ্দিক। তিনি ওই গ্রামের আবু হানিফের ছেলে।ঘটনার পর শিশুটির বাবা বাদী হয়ে সিংড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তদন্ত শেষে আবু বক্কার সিদ্দিকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।পরে আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে বিচারক তাকে দোষী সাব্যস্ত করেন।রায়ে আবু বক্কার সিদ্দিককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী, আদায় করা অর্থদণ্ডের টাকা ভুক্তভোগী শিশুর ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে।রায় ঘোষণার পর সাজা পরোয়ানামূলে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।