খসরু মৃধা ::
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার বিশেষ অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুজন জমাদ্দার (১৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) পূবাইল থানার এসআই (নিরস্ত্র) মোঃ সাব্বির হোসেনের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) মোঃ শামসুর রহমান ও সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে হায়দরাবাদ পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পূবাইল থানাধীন হায়দরাবাদ পশ্চিমপাড়া এলাকার জালাল উদ্দিনের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে সুজন জমাদ্দারকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ইয়াবাগুলো জব্দ করা হয়।
গ্রেফতারকৃত সুজন জমাদ্দার মৃত রতন জমাদ্দার ও মৃত মোমেনা আক্তারের ছেলে। তাঁর স্থায়ী ঠিকানা পূবাইলের হায়দরাবাদ পশ্চিমপাড়া এলাকায় হলেও বর্তমানে তিনি ভাসমান অবস্থায় বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় পূবাইল থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে পূবাইল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।