মোঃআনজার শাহ
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
তিনি বলেন, উন্নয়নবঞ্চিত ঝালকাঠির জনগণের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারি সেবায় যেকোনো অনিয়ম, দুর্নীতি ও হয়রানি প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
মঙ্গলবার ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং জনকল্যাণ ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ঝালকাঠির উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে। চলমান প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পাশাপাশি প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জনগণের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।
ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
সভায় ঝালকাঠি জেলার চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি এবং জনকল্যাণমূলক কার্যক্রমের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।