মোঃ শামীম হোসেন সিকদার:
বান্দরবানে তারুণ্যের উচ্ছ্বাস ও ক্রীড়াপ্রেমীদের উপচে পড়া ভিড়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত ‘ম্রো মিনি ফুটবল ওয়ার্ল্ড কাপ ২০২৬’-এর প্রথম সেমিফাইনাল ম্যাচ। ওয়াই জংশন যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য ও বান্দরবান জেলা বিএনপির সদস্য জনাব চনুমং মার্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব রেংপর ম্রো (কারবারি)।
খেলা শুরুর আগে প্রধান অতিথি খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং ক্রীড়াবান্ধব পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, “মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। পাহাড়ি অঞ্চলের তরুণদের প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।”
ওয়াই জংশন যুব সমাজের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করতে বান্দরবান সদরের ওয়াই জংশন (১২ মাইল মাঠ) প্রাঙ্গণে শত শত দর্শক ভিড় জমান। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় উভয় দলের খেলোয়াড়দের ক্রীড়াশৈলী উপস্থিত দর্শকদের দারুণভাবে বিমোহিত করে। দর্শকরাও খেলোয়াড়দের প্রাণভরে উৎসাহ দেন।
ম্যাচের ফলাফল:
উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে থানচি ইয়াং ম্রো এফসি ২-১ গোলে ৯ মাইল সিনিয়র ফুটবল একাদশকে পরাজিত করে। এ জয়ের ফলে থানচি ইয়াং ম্রো এফসি ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।