আন্তর্জাতিক ডেস্ক:
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে দীর্ঘদিনের সংঘাতে নিজেদের ইন্টারসেপ্টর মিসাইলের মজুত কমে আসায় অন্যান্য দেশের কাছে সামরিক সহায়তা চেয়েছে সৌদি আরব। আকাশ প্রতিরক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ এই মিসাইলের ঘাটতি মোকাবিলায় কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ করেছে রিয়াদ।
বার্তাসংস্থা এপি বুধবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইন্টারসেপ্টর মিসাইল মূলত আকাশপথে আসা মিসাইল ও ড্রোন ধ্বংস করতে ব্যবহৃত হয়। আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে এসব মিসাইল ছুড়ে লক্ষ্যবস্তুতে থাকা ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়।
এপি জানিয়েছে, সৌদি আরব সম্প্রতি ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান ও মিসরের কাছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সৌদি আরবে মোতায়েনের অনুরোধ জানিয়েছে। হুথিদের সম্ভাব্য হামলা প্রতিহত করতে এসব প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহারের লক্ষ্য রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এপি জানিয়েছে, সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্রও ইরানের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের ইন্টারসেপ্টর মিসাইলের ঘাটতির মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে রিয়াদ অন্য দেশগুলোর কাছে সহায়তা চেয়েছে।
এদিকে বুধবার সৌদি আরব দাবি করেছে, হুথিরা পবিত্র নগরী মক্কায় ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, ড্রোনটি মক্কার আকাশসীমায় পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়।
তবে হুথিরা এ অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, সৌদি আরব ‘ঘৃণ্য মিথ্যাচার’ করেছে। হুথিরা জানিয়েছে, সৌদি আরবে তাদের একমাত্র লক্ষ্য তেল অবকাঠামো।
এদিকে সৌদি আরবের প্রতি আরব দেশগুলো এখন পর্যন্ত সহমর্মিতা প্রকাশ করলেও সামরিকভাবে সহায়তার বিষয়ে কোনো আশ্বাস দেয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।