মোটরসাইকেল চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার, চাঁপাইনবাবগঞ্জে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় নিবন্ধনবিহীন তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও দুজন পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সদর থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।

গ্রেপ্তাররা হলেন—শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুস সালাম (২৪), একই ইউনিয়নের তারাপুর মুন্নাপাড়া গ্রামের মো. আলমের ছেলে মোহাম্মদ আলী (২৪), শ্যামপুর সাহাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইমন রেজা (২৬), দুর্লভপুর ইউনিয়নের দাদনচক গ্রামের জালাল উদ্দিনের ছেলে সোহেলে রানা (২৩), একই গ্রামের মো. সাইফুলের ছেলে মো. আসিফ (২২) এবং শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় গ্রামের আব্দুল করিমের ছেলে মো. আশিক (২২)।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের বৈলতলা মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেলসহ আব্দুস সালাম, সোহেলে রানা ও মো. আসিফকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকালে শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে মোহাম্মদ আলী, ইমন রেজা ও মো. আশিককে গ্রেপ্তার করা হয়।

এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকালেই পলাতক সাদ্দাম হোসেন ও সুশান্ত সিংহের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে আরও দুটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা তিনটি মোটরসাইকেলের কোনোটিরই নিবন্ধন নেই বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় শিবগঞ্জের সাহাপাড়া মুন্সিপাড়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে সাদ্দাম হোসেন (৩০) এবং কয়লার দিয়াড় গ্রামের মতিলাল সিংহের ছেলে সুশান্ত সিংহ (২৫) পলাতক রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, এ ঘটনায় বুধবার বিকেলে সদর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। গ্রেপ্তার আসামিদের বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *