৩ শতাধিক সদস্য নিয়ে জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় তিন শতাধিক সদস্যের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আলীনগর, নবীনগর, ওসমানের ঘোনাসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে বাংলাদেশ পুলিশ, বিজিবি, এসআরবি, এপিবিএনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে দুর্গম পাহাড়ি এলাকায় কিছু অপরাধী ও সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করতে পারে বলে তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে সম্ভাব্য অপরাধ ও নাশকতা প্রতিরোধে পাহাড়ি এলাকায় সমন্বিত টহল জোরদার করা হয়।

অভিযানের সময় বিভিন্ন পাহাড়ি ঘরবাড়ি ও স্থাপনা, আশপাশের পরিত্যক্ত স্থান এবং সন্দেহজনক এলাকায় তল্লাশি চালানো হয়। সেখানে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় ও অবস্থানও যাচাই-বাছাই করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, এ অভিযানের মাধ্যমে অপরাধীদের সংঘবদ্ধ হওয়ার সুযোগ প্রতিরোধ, নাশকতার সম্ভাব্য প্রস্তুতি নস্যাৎ এবং অপরাধ সংঘটনের অনুকূল পরিবেশ রোধের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার বার্তা দেওয়া হয়েছে। যৌথ বাহিনীর দৃশ্যমান উপস্থিতির মাধ্যমে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

অভিযানকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করার পাশাপাশি অপরাধ ও সন্দেহজনক তৎপরতার তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে এবং অপরাধ প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

জননিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ পুলিশসহ সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *