বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেতা সালমান খানকে একনজর দেখতে কিংবা তার সঙ্গে ছবি তুলতে ভক্তদের উচ্ছ্বাস নতুন নয়। তবে মুম্বাইয়ের বান্দ্রায় গণেশ চতুর্থীর একটি উৎসব থেকে ফেরার পথে তীব্র ভিড় ও বিশৃঙ্খলার মুখে পড়েন তিনি।
মণ্ডপ থেকে বের হওয়ার সময় সালমানকে ঘিরে ধরেন ভক্ত ও পাপারাজ্জিরা। পরিস্থিতি সামাল দিতে হাতজোড় করে বারবার সবাইকে রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করেন তিনি। পরে নিরাপত্তারক্ষীরা ভিড় সরিয়ে তাকে গাড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় ভিড়ের মধ্যে শিশুদের নিয়েও সতর্ক থাকতে দেখা যায় সালমানকে। নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কিতে যাতে দুটি ছোট শিশু আহত না হয়, সেদিকে খেয়াল রেখে তিনি কিছুক্ষণ থেমে যান। পরে শিশুদের নিরাপদে সরিয়ে নেওয়ার পর গাড়ির দিকে এগিয়ে যান।
এদিকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে চালকের ওপর ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় সালমানকে। ভিড়ের মধ্যে গাড়ি এগিয়ে নেওয়ার সময় একটি ভক্তের পায়ে গাড়ির চাকা লেগে থাকতে পারে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।
তবে কোনো ভক্ত সত্যিই গাড়ির ধাক্কায় আহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে চালকের ওপর সালমানের ক্ষোভ প্রকাশের প্রকৃত কারণ নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও জল্পনা চলছে।