বিনোদন ডেস্ক:
‘টুয়েলভথ ফেল’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পাওয়া মেধা শঙ্কর ও কমেডিয়ান-ইউটিউবার সময় রায়নাকে নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রেমের গুঞ্জন চলছে। এবার সেই গুঞ্জন আরও এক ধাপ এগিয়ে বিয়ের আলোচনায় পৌঁছেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক পোস্টে তাঁদের বিয়ে নিয়ে নানা দাবি করা হচ্ছে। তবে এসব দাবির কোনোটিই সময় রায়না বা মেধা শঙ্কর নিজেরা নিশ্চিত করেননি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে, সময় ও মেধা চলতি বছরের ডিসেম্বর মাসে বিয়ে করতে যাচ্ছেন। পোস্টদাতার দাবি, তিনি সময়ের পরিবারের ঘনিষ্ঠ এবং তাঁর মায়ের সঙ্গে কথা বলেই বিয়ের পরিকল্পনার বিষয়টি জানতে পেরেছেন। একই পোস্টে আরও দাবি করা হয়, সময় ও মেধা বর্তমানে সুইজারল্যান্ডে ছুটি কাটাচ্ছেন এবং দেশে ফিরে বিয়ের প্রস্তুতি শুরু করবেন।
পরে ওই পোস্টটি মুছে ফেলা হলেও এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর মধ্যেই আরেকটি পোস্টে দাবি করা হয়, ডিসেম্বর নয়, সময় ও মেধার বিয়ে নাকি এরই মধ্যে হয়ে গেছে। সেখানে দাবি করা হয়, প্রায় দুই মাস আগে জুলাইয়ে মুম্বাইয়ের বান্দ্রায় ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে গোপনে বিয়ে করেছেন তাঁরা।
ওই পোস্টদাতার আরও দাবি, মেধার এক ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে তিনি বিয়ের বিষয়ে তথ্য পেয়েছেন। তবে এই দাবির সমর্থনে কোনো নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশ্যে আসেনি।
যেভাবে শুরু সম্পর্কের গুঞ্জন
সময় রায়নার অনুষ্ঠান ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ মেধা শঙ্করের উপস্থিতির পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। অনুষ্ঠানে দুজনের কথাবার্তা ও পারস্পরিক রসায়ন দর্শকদের নজর কাড়ে। এরপর বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যাওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কাছাকাছি সময়ে একই ধরনের পোস্ট দেওয়া নিয়ে তাঁদের সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়।
গত আগস্টে ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর একটি পর্বে মেধা শঙ্কর, বরুণ ধাওয়ান, শ্যারন ভার্মা ও নিশান্ত তানওয়ার উপস্থিত ছিলেন। সেখানে এক দর্শক সময়কে উপস্থিত প্যানেলিস্টদের মধ্যে কার সঙ্গে তিনি সবচেয়ে বেশি ঘনিষ্ঠ—এমন প্রশ্ন করেন।
জবাবে সময় বলেন, ‘মেধা শঙ্কর আমার খুব কাছের।’
এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা আরও বাড়তে থাকে।
শ্যারনের সঙ্গেও উঠেছিল গুঞ্জন
এর আগে সময় রায়নাকে শ্যারন ভার্মার সঙ্গেও প্রেমের গুঞ্জনে জড়ানো হয়েছিল। গত সেপ্টেম্বরে ইনস্টাগ্রাম স্টোরিতে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে সময় লিখেছিলেন, ‘না ভাই, ইন্টারনেটই এসব বানাচ্ছে।’
তবে মেধা শঙ্করের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন নিয়ে সময় প্রকাশ্যে এমন কোনো মন্তব্য করেননি।
সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ঘিরে নতুন আলোচনা
সময় ও মেধাকে নিয়ে প্রেমের গুঞ্জনের পেছনে তাঁদের একসঙ্গে সময় কাটানোর কিছু ছবি-ভিডিও, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এবং বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতির বিষয়গুলো আলোচনায় এসেছে।
সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁদের ভিড়ের মধ্যে পাশাপাশি হাঁটতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু ব্যবহারকারী দাবি করেন, ক্যামেরার উপস্থিতি টের পেয়ে তাঁরা আলাদা পথে চলে যান।
এ ছাড়া একই সময়ে তাঁদের ছুটিতে যাওয়ার পোস্টও ভক্তদের নজরে আসে। এরপরই সুইজারল্যান্ডে তাঁদের একসঙ্গে থাকার দাবি ছড়িয়ে পড়ে। তবে যে ছবিকে এর প্রমাণ হিসেবে দেখানো হচ্ছে, সেখানে শুধু একজন পুরুষ ও একজন নারীর পেছনের অংশ দেখা যায়। ছবির ওই দুজন সময় ও মেধাই কি না, তা নিশ্চিত করার কোনো উপায় নেই।
সব মিলিয়ে সময় রায়না ও মেধা শঙ্করের সম্পর্ক এবং বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চললেও এখন পর্যন্ত তাঁদের কেউই বিয়ের বিষয়টি নিশ্চিত করেননি।