অপ্রতীমের মৃত্যু সমাজের জন্য সতর্কবার্তা: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী একমাত্র সন্তান অপ্রতীমের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, অপ্রতীমের মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই বহিঃপ্রকাশ। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং অপ্রতীমের রূহের মাগফিরাত ও শাহাদাত কামনা করেন।

বিবৃতিতে তিনি বলেন, অপ্রতীমের মা ড. নাহিদা বেগম, বাবা কে এম ফিরোজ শাহরিয়ার এবং স্বজনদের এই অসহনীয় শোক সহ্য করার শক্তি যেন আল্লাহ তাআলা দান করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, কৈশোরের সময়ে বন্ধুদের সঙ্গে ছবি তোলার জন্য যে শিশুটি ঘর থেকে বের হয়েছিল, তাকে আর জীবিত অবস্থায় ফিরে আসতে দেওয়া হয়নি। এমন ঘটনায় কোনো বিবেকবান মানুষ নির্বিকার থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, অপ্রতীম ছিল তার মা-বাবার একমাত্র সন্তান এবং তাঁদের স্বপ্ন ও ভালোবাসার কেন্দ্রবিন্দু। মাত্র ১৩ বছর বয়সে সন্তান হারানোর বেদনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

অপ্রতীমের মৃত্যুকে পুরো সমাজের জন্য একটি সতর্কবার্তা হিসেবে উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, একজন শিশু নিরাপদে ঘর থেকে বের হয়ে নিরাপদে ঘরে ফিরতে না পারলে দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়। তাঁর দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবস্থায় মানুষ উদ্বিগ্ন।

তিনি অপ্রতীমের মৃত্যুর প্রকৃত কারণ দ্রুত উদঘাটনের দাবি জানান। ঘটনার সঙ্গে কারা জড়িত, কী কারণে এ ঘটনা ঘটেছে এবং এর পেছনে কোনো অপরাধীচক্র বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা নিরপেক্ষ ও পেশাদার তদন্তের মাধ্যমে দ্রুত বের করার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়েও গুরুত্ব দেন মিয়া গোলাম পরওয়ার। সন্দেহভাজনদের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে প্রকৃত দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, অপ্রতীমের মৃত্যুর রহস্য উদঘাটন করে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং প্রচলিত আইনে শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিশু-কিশোরসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *