পলাশবাড়ীতে ১১ দলের লংমার্চের পথসভায় জনস্রোত

মোঃ মাহমুদুল হাবিব রিপন:

গণভোটের রায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে ১১ দলীয় জোটের ঢাকা-রংপুর লংমার্চের পথসভা অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধার পলাশবাড়ীতে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে জোটের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পথসভায় যোগ দেন। এতে পলাশবাড়ী চৌরাস্তা মোড় এলাকায় ব্যাপক জনসমাগমের সৃষ্টি হয়।

পলাশবাড়ীর পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে ব্র্যাক মোড় পর্যন্ত সড়কে জোটের নেতাকর্মী ও সমর্থকদের ভিড় দেখা যায়। এর আগে শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ শুরু হয়।

জোটের আট দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এ ছাড়া সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং উত্তরাঞ্চলের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও রয়েছে।

পথসভায় বক্তব্য দেন গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর সাবেক নেতা ডা. আব্দুর রহিম সরকার, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের জামায়াতে ইসলামীর অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু, সাবেক ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলোয়ার হোসেন, ব্যারিস্টার শাহরিয়ার কবির, জাগপার সভাপতি শফিউল আলম এবং বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরানসহ স্থানীয় জোটের নেতারা।

পথসভায় বক্তারা সরকারের বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্যে অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ করেন। তারা দাবি করেন, জনগণের রায় বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। গণভোটের রায় ও জুলাই সনদের সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তারা। এসব বক্তব্য বক্তাদের রাজনৈতিক অবস্থান ও দাবি হিসেবে উপস্থাপন করা হয়েছে।

এদিকে পথসভা মঞ্চে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শোনার অপেক্ষায় ছিলেন নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *