অনলাইন ডেস্ক:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় মাঠে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে অনুষ্ঠিত জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বিশ্ববিদ্যালয় মাঠে নেমে আসে শোকের ছায়া।
জানা গেছে, অপ্রতিমের দ্বিতীয় জানাজা সকাল ১১টায় কুমিল্লার দক্ষিণ বাগমারা-কোটবাড়ী এলাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
ইশায়াত শাহরিয়ার অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান। সে কুমিল্লা বর্ডার গার্ড স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এর আগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে শালবন বিহারে ছবি তুলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় অপ্রতিম। সন্ধ্যার পরও সে বাসায় না ফেরায় তার মা কুমিল্লার সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ছেলেকে খুঁজে না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি দিয়ে সন্ধান চেয়ে পোস্ট দেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলায় অপ্রতিমের মরদেহ পাওয়া যায়। পরে কুমিল্লা মেডিক্যাল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে রাত ৮টার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রথমে তুহিন নামের এক তরুণকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ফাহিম ও আনাস নামে আরও দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।