নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ির ৪৫টি বসতঘর পুড়ে গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতের এ ঘটনায় ঘরগুলোতে বসবাস করা প্রায় ৪০টি শ্রমিক পরিবার সর্বস্ব হারিয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে দলিল লেখক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের আধাপাকা বাড়িতে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে অল্প সময়ের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে রাজেন্দ্রপুর ও মাওনা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বাড়ির ৪৫টি বসতঘর এবং ঘরে থাকা আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এসব ঘরে বিভিন্ন কারখানায় কর্মরত প্রায় ৪০টি শ্রমিক পরিবার বসবাস করত। আগুনে সর্বস্ব হারিয়ে এসব পরিবারের অনেকেই এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
আগুনে পুড়ে যাওয়া ঘরের সামনে আহাজারি করতে দেখা যায় রাহেলা বেগমকে। তিনি জানান, শোকেসের ভেতরে বহু কষ্টে একটু একটু করে দেড় লাখ টাকা জমিয়েছিলেন। গ্রামের বাড়িতে থাকা ভাঙা ঘর মেরামতের জন্য ওই টাকা জমিয়েছিলেন তিনি।
রাহেলা বেগম বলেন, তার টাকার পাশাপাশি টেলিভিশন, ফ্রিজ, আসবাবপত্র, জামা-কাপড়, ছেলে-মেয়েদের বই-খাতাসহ ঘরে থাকা সবকিছু পুড়ে গেছে। তার মতোই প্রায় সবার অবস্থা।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
তিনি বলেন, এলাকার রাস্তা প্রশস্ত না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। এ কারণে আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে চরম বেগ পেতে হয়েছে।