বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৫ ‘সন্ত্রাসী’ নিহত

অনলাইন ডেস্ক :

দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কাছে করাচি-চামান মহাসড়কে অভিযান চালিয়ে পাঁচ ‘সন্ত্রাসী’কে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। একই অভিযানে একটি গোপন আস্তানা থেকে ২৩ জন অপহৃতকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ফিতনা-আল-হিন্দুস্তান গোষ্ঠীর সদস্যরা পাকিস্তান এক্সপ্রেসওয়ে হিসেবে পরিচিত ওই মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করেছিল। ওই চেকপোস্টের মাধ্যমে অপহরণ, চাঁদাবাজি এবং যানবাহন ছিনতাইয়ের উদ্দেশ্যে কার্যক্রম চালানো হচ্ছিল বলে দাবি করেছে নিরাপত্তা বাহিনী।

বিবৃতিতে বলা হয়, গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর ওই চেকপোস্ট অতিক্রম করতে গিয়ে অনেক মানুষ বিপদের মুখে পড়েন। এ বিষয়ে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান পান। সেখান থেকে ২৩ জন অপহৃতকে উদ্ধার করা হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে পাঁচ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে।

অভিযান শেষে ওই এলাকা থেকে ছয়টি ট্রাক, তিনটি বাস ও দুটি গাড়ি উদ্ধার করা হয়। পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক জব্দ করার কথাও জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়েছে, উদ্ধার হওয়া অপহৃতদের নিরাপদে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং অভিযান-সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে কার্যক্রম অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *