ভক্তদের ভিড়ে ভাঙল কাজল রাঘওয়ানির গাড়ির কাচ, অল্পের জন্য রক্ষা

বিনোদন ডেস্ক :

ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল রাঘওয়ানি। বিহার ও উত্তর প্রদেশ অঞ্চলে রয়েছে তার ব্যাপক পরিচিতি। সেই জনপ্রিয়তাই এবার তাকে ফেলেছে বিপাকে। একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে ভক্তদের অতিরিক্ত ভিড়ের মধ্যে পড়ে ভাঙল তার গাড়ির জানালার কাচ। তবে এ ঘটনায় কোনো আঘাত পাননি অভিনেত্রী। তিনি নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন।

জানা গেছে, সম্প্রতি বিহারের একটি জুয়েলারি শোরুম উদ্বোধন করতে গিয়েছিলেন কাজল রাঘওয়ানি। তার আগমনের খবর ছড়িয়ে পড়তেই শোরুমের সামনে ভিড় জমাতে শুরু করেন অসংখ্য মানুষ। অভিনেত্রীকে একনজর দেখার জন্য মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

একপর্যায়ে কাজল গাড়ির ভেতরে রয়েছেন—এমন ধারণা থেকে কয়েকজন তার গাড়ির জানালার কাচ পর্যন্ত ভেঙে ফেলেন। পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত অনুষ্ঠানস্থল থেকে দ্রুত স্থান ত্যাগ করেন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার সময় কাজল রাঘওয়ানিকে বহনকারী গাড়ির পেছনে বিপুলসংখ্যক মানুষ ছুটছেন। ভক্তদের ভিড়ের কারণে গাড়িটিকে ওই এলাকা থেকে বের করে নেওয়ার পরিস্থিতিও তৈরি হয়।

পরে নিজের একটি ভিডিও প্রকাশ করে নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত করেন কাজল রাঘওয়ানি। তিনি জানান, এ ঘটনায় তার কোনো আঘাত লাগেনি। একই সঙ্গে ভক্তদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ইনস্টাগ্রামে প্রকাশ করা ছোট ভিডিওটির সঙ্গে কাজল লেখেন, ‘আমি সুস্থ-স্বাভাবিক আছি। আপনারা দুশ্চিন্তা করবেন না।’

এদিকে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই অনুষ্ঠানের জন্য প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় আয়োজকদের নোটিশ দেওয়া হবে বলে জানা গেছে। তবে শোরুম মালিকের দাবি, তিনি জেলা প্রশাসকের কাছে অনুষ্ঠানের জন্য আবেদন করেছিলেন।

কাজল রাঘওয়ানি অল্প বয়সেই অভিনয় শুরু করেন। তার অভিনয়জীবনের শুরু গুজরাটি সিনেমার মাধ্যমে। পরে ২০১৩ সালে ‘রিহাই’ সিনেমার মধ্য দিয়ে ভোজপুরি চলচ্চিত্রে অভিষেক হয় তার।

এরপর একের পর এক ভোজপুরি সিনেমায় অভিনয় করে দর্শকদের পরিচিত মুখ হয়ে ওঠেন কাজল। তার অভিনীত ‘পাটনা সে পাকিস্তান’, ‘মেহেন্দি লাগা কে রাখনা’, ‘ভোজপুরিয়া রাজা’ ও ‘সংঘর্ষ’-এর মতো সিনেমা জনপ্রিয়তা পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *